বাংলাদেশের রপ্তানি বাড়াতে আগ্রহী চীন: তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে চীন সরকার আন্তরিকভাবে আগ্রহী বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারত্ব এবং বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা, আঞ্চলিক ভূরাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের বড় অংশই এখন অর্থনীতিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। বৈশ্বিক অর্থনীতির অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যেও দেশটির গুরুত্ব দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হতে পারে। এ কারণে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষেরই আন্তরিক আগ্রহ রয়েছে।

জহির উদ্দিন স্বপন জানান, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। এর প্রায় পুরোটাই বাংলাদেশকে চীন থেকে আমদানি করতে হয়। বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ ১ বিলিয়ন ডলারেরও কম। এই বড় ধরনের বাণিজ্য বৈষম্য কমিয়ে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

AHA
আরও পড়ুন