ব্যবসায়িক কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ করেছে ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট ফাইন্যানশিয়াল সলিউশন পার্টনার’ তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি ‘ক্লায়েন্ট কেয়ারিং মেন্টালিটি’সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান তিনি।
কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।