মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় আকার ধারণ করেছে। এবার কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।
কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইরান থেকে কাতার লক্ষ্য করে দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়। তবে অন্য ক্ষেপণাস্ত্রটি কাতারের আল-উদাইদ (Al-Udeid) এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে বলে জানা গেছে।
আল-উদাইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত কয়েক দিন ধরে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা চলছে, কাতারের এই ঘটনা সেই উত্তেজনাকে নতুন মাত্রা দিলো। ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের পর এবার কাতারও সরাসরি এই সংঘাতের রোষানলে পড়লো।
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ইরানের এই ধারাবাহিক আক্রমণ ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কাতার সরকার এই ঘটনার পর উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডেকেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে। তথ্যসূত্র: বিবিসি
কোন দিকে মোড় নিচ্ছে ইরানে যুদ্ধ
ইরানের সাবমেরিন-সহ ১৭ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার তোড়জোড়
