ডলারের মান ও জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে বিশ্ববাজারে বড় দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে স্বর্ণবাজারে এখনও অস্থিরতা বিরাজ করছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম ২ শতাংশের বেশি বেড়েছে। স্পট গোল্ডের দাম ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে দাঁড়িয়েছে, যা সপ্তাহের শুরু থেকে প্রায় ২ শতাংশ বেশি।
গত সোমবার স্বর্ণের দাম চার মাসের মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৯৭.৯৯ ডলারে নেমে যাওয়ার পর এটি বড় ধরনের পুনরুদ্ধার হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডলারের মান কমে যাওয়ায় স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সস্তা হয়েছে, ফলে চাহিদা আবার বাড়তে শুরু করেছে। জেপি মরগান এক বিশ্লেষণে বলেছে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দীর্ঘমেয়াদি সম্ভাবনা এখনও ইতিবাচক।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ডলারের শক্ত অবস্থান ও ঝুঁকি এড়ানোর প্রবণতার কারণে স্বর্ণের দাম যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ কম থাকলেও এটি বিনিয়োগের একটি কৌশলগত সুযোগ হতে পারে। সংঘাত দীর্ঘ হলে স্বর্ণের বাজার আরও চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দাম ২.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩.০৮ ডলার, প্ল্যাটিনাম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৫১.৩৫ ডলার এবং প্যালাডিয়াম ১.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬০.৬০ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও বাংলাদেশের স্থানীয় বাজারে বিপরীত চিত্র দেখা গেছে। তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম কমে যাওয়ায় বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা ষষ্ঠবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৫ হাজার ৪৮২ টাকা কমে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২২ শতাংশ কমে যাওয়ার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৫ হাজার ১৯০ টাকা কমে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ৪ হাজার ৪৯০ টাকা কমে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে দাম কমেছে ৩ হাজার ৬১৬ টাকা, নতুন মূল্য ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।
সব মিলিয়ে টানা ছয় দফা সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৯৮৫ টাকা।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কর্মবিরতি, সাংবাদিকদের ধর্মঘট
