ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর নৃশংস হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। হামলাটি বৃহস্পতিবার (০২ এপ্রিল) ইতুরি প্রদেশের মামবাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায় সংঘটিত হয়।
সেনাবাহিনীর মুখপাত্র জুলেস শিকুণ্ডি নগোঙ্গো জানিয়েছেন, হামলাকারীরা ৪৪টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ এই হামলার জন্য উগান্ডাভিত্তিক অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সকে দায়ী করেছে, যারা ইসলামিক স্টেটের অনুগত হিসেবে পরিচিত।
স্থানীয় প্রশাসক ব্যাপটিস্ট মুনিয়াপান্ডি জানান, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়েছে, কিছু মানুষকে দা দিয়ে হত্যা করেছে এবং অনেকে আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া অন্তত দুজনকে অপহরণ করা হয়েছে।
কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে। এর মধ্যে এম২৩ গোষ্ঠী সবচেয়ে আলোচিত। গত বছর তারা পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ও এলাকা দখল করেছিল।
২০২১ সাল থেকে কঙ্গো ও উগান্ডার যৌথ সামরিক অভিযান চললেও অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সকে পুরোপুরি দমন করা সম্ভব হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইতুরি ও নর্থ কিভু অঞ্চলে বেসামরিক মানুষের ওপর তাদের হামলা আরও বেড়েছে। গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইট জানায়, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে পূর্ব কঙ্গোতে বেসামরিকদের ওপর সংঘটিত সহিংস ঘটনার প্রায় এক-চতুর্থাংশের জন্য এডিএফ দায়ী।
সূএ: আলজাজিরা।
হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের ভোটাভুটি, কঠোর হুঁশিয়ারি ইরানের
