ইন্দোনেশিয়ায় জেট ফুয়েলের দাম বাড়ালো 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় বড় সংকটে পড়েছে ইন্দোনেশিয়ার এভিয়েশন শিল্প। পরিস্থিতি সামাল দিতে অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিটের ওপর ‘জেট ফুয়েল সারচার্জ’ ৩৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। এর ফলে অভ্যন্তরীণ বিমান ভাড়া ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সোমবার (৬ এপ্রিল) ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

অর্থমন্ত্রী জানান, জেট ফুয়েল সারচার্জ ক্ষেত্রভেদে ১০ থেকে ৩৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর ফলে এয়ারলাইন্সগুলোকে তাদের অভ্যন্তরীণ টিকিটের মূল দাম ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। তবে সাধারণ যাত্রীদের ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাব কিছুটা কমাতে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের ওপর ধার্যকৃত ১১ শতাংশ ‘মূল্য সংযোজন কর’ (ভ্যাট) এখন থেকে সরকার নিজেই বহন করবে। এই খাতে প্রতি মাসে সরকারের প্রায় ১.৩ ট্রিলিয়ন রুপিয়াহ (৭৬ মিলিয়ন ডলার) ভর্তুকি ব্যয় হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম বাজেট এয়ারলাইন্স ‘এয়ারএশিয়া’ ইতোমধ্যেই জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে তারা তাদের টিকিটের দাম বাড়াতে এবং কিছু অলাভজনক রুট কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পার্টামিনার তথ্যমতে, জাকার্তার সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দাম গত মার্চ থেকে ৭০ শতাংশের বেশি বেড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, তারা এই পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং দুই মাস পর বর্তমান পদক্ষেপগুলো পুনর্বিবেচনা করা হবে।

বিমানের ভাড়া বাড়লেও অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সাধারণ মানুষের ব্যবহৃত পেট্রোল ও প্রাকৃতিক গ্যাসের ওপর ভর্তুকি এখনই কমানো হবে না। এছাড়া এয়ারলাইন্সগুলোর খরচ কমাতে বিমানের খুচরা যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক বাতিল করেছে জাকার্তা। পরিস্থিতি মোকাবিলায় গত মাসেই জ্বালানি রেশনিং এবং সরকারি কর্মচারীদের জন্য ‘বাড়ি থেকে কাজ’ (WFH) বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছিল দেশটি। সূত্র: রয়টার্স।

FJ
আরও পড়ুন