৪০ দিন পর খুললো আল-আকসা, আগে প্রবেশ করলো বিড়াল

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর পবিত্র আল-আকসা মসজিদের প্রবেশদ্বার যখন খুলে দেওয়া হয় তখন এক অভাবনীয় দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে। মসজিদের দরজা খোলার পর কোনো মানুষ নয়, বরং সবার আগে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে একটি বিড়ালকে।

জেরুজালেমের পবিত্র এই চত্বরে গত ৪০ দিন ধরে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছিল, যার ফলে সাধারণ মুসল্লিদের প্রবেশাধিকার স্থগিত রাখা হয়েছিলো।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে যখন মসজিদের প্রহরীরা বড় গেটগুলো খুলে দেন, তখন অপেক্ষমাণ মুসল্লিদের ভিড়ের মাঝখান দিয়ে একটি বিড়ালকে সবার আগে ভেতরে ঢুকতে দেখা যায়। এই মুহূর্তটির ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মনে প্রশান্তি এনে দেয়।

অনেক ধর্মপ্রাণ মুসলমান এই ঘটনাকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, আল্লাহর ঘরে পশুপাখিদের অবাধ বিচরণ সবসময়ই ছিল এবং বিড়ালটির এভাবে সবার আগে প্রবেশ করা যেন দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে মসজিদের প্রাণ ফিরে পাওয়ারই ইঙ্গিত। নেটিজেনদের কেউ কেউ রসিকতা করে বলছেন, 'বিড়ালটি হয়তো দীর্ঘ ৪০ দিন ধরে ভেতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল!'

মসজিদ খুলে দেওয়ার পর শত শত মুসল্লি সেখানে নামাজ আদায় করতে সমবেত হন। আল-আকসা চত্বরে আবার আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করেছে। দীর্ঘ অবরোধ ও সংঘাতময় পরিস্থিতির পর মসজিদের এই উন্মুক্ত হওয়া ওই অঞ্চলে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

YA/SN
আরও পড়ুন