ইরান চুক্তিতে আসুক বা না আসুক, আমরা জয়ী: ট্রাম্প

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৭ এএম

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, চূড়ান্ত বিজয় আমেরিকারই হয়েছে।

শনিবার ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইসলামাবাদে কী ঘটছে বা সেখান থেকে কী ফলাফল আসবে, তাতে আমার কিছু যায়-আসে না। আমরা ইতোমধ্যেই জয়ী হয়েছি। তিনি আরও যোগ করেন, আমরা ওই দেশকে (ইরান) পরাজিত করেছি। এখন তারা চুক্তিতে আসবে কি আসবে না, সেটা বড় কোনো বিষয় নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে আমি নিশ্চিত করে বলতে পারি, আমরাই জিতব।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আয়োজিত এই সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ। প্রায় ২০ ঘণ্টা ধরে চলা এই বৈঠকের মূল লক্ষ্য ছিল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করা এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো।

ট্রাম্পের এই কঠোর অবস্থান ইঙ্গিত দেয় যে, ওয়াশিংটন আলোচনার টেবিলে ইরানকে কোনো ছাড় দিতে নারাজ। বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারমাণবিক প্রকল্পের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে লক্ষ্য ট্রাম্প প্রশাসন নির্ধারণ করেছে, তা থেকে তারা সরছে না। বিশ্লেষকদের মতে, চুক্তির চেয়েও ইরানের ওপর সামরিক ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখাই এখন ট্রাম্পের মূল কৌশল।

যদিও ইরান এই আলোচনার ব্যর্থতার জন্য মার্কিন উচ্চাকাঙ্ক্ষী শর্তকে দায়ী করেছে। ট্রাম্পের এই আত্মবিশ্বাসী বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এখন দেখার বিষয়, এই অনড় অবস্থানের পর কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়। সূত্র : এএফপি

SN
আরও পড়ুন