এমন পোপ চাই না যিনি ইরানের পরমাণু অস্ত্র সমর্থন করেন: ট্রাম্প

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম

ইরান ইস্যু এবং মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে এবার সরাসরি প্রথম আমেরিকান পোপ চতুর্দশ লিও-র সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি সভ্যতা ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের দেওয়া হুমকির নিন্দা জানিয়েছিলেন পোপ। এরই প্রেক্ষিতে পোপকে পাল্টা আক্রমণ করে ‘দুর্বল’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প পোপের তীব্র সমালোচনা করেন। 

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘পোপের এই ধরণের মন্তব্য আমাদের পররাষ্ট্র নীতির জন্য ‘ভয়ানক বিপদ’। আমি এমন কোনো পোপ চাই না যিনি মনে করেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।’

ট্রাম্প আরও অভিযোগ করেন যে, পোপ লিও অপরাধ দমনে অত্যন্ত ‘দুর্বল’ এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতেও তার অবস্থান নড়বড়ে।

ট্রাম্প পোপকে পরামর্শ দিয়ে বলেন, পোপের উচিত রাজনীতিতে হস্তক্ষেপ না করে একজন মহান ধর্মগুরু হওয়ার দিকে মনোনিবেশ করা। তার মতে, পোপের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে ক্যাথলিক চার্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত সপ্তাহে ইরানের ওপর সামরিক আগ্রাসন এবং সভ্যতা ধ্বংসের হুমকির নিন্দা জানিয়ে পোপ লিও বলেছিলেন, এই ধরণের হুমকি ‘একেবারেই অগ্রহণযোগ্য’। তিনি সতর্ক করেছিলেন যে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল বিশ্বজুড়ে ‘ঘৃণা উসকে দিচ্ছে’।

গত শুক্রবার এক পোস্টে পোপ লিখেছিলেন, ‘ঈশ্বর কোনো সংঘাতকে আশীর্বাদ করেন না। যারা বোমা ফেলছে, যিশুখ্রিষ্টের কোনো অনুসারী তাদের পক্ষে থাকতে পারে না।’ তিনি জোর দিয়ে বলেন, সামরিক শক্তি নয়, বরং ধৈর্যশীল সহাবস্থান এবং সংলাপের মাধ্যমেই শান্তি আসা সম্ভব।

মজার ব্যাপার হলো, পোপ যখন শান্তির কথা বলছেন, তখন ট্রাম্প নিজের যুদ্ধংদেহী মনোভাবকে সঠিক প্রমাণ করতে ধর্মের দোহাই দিচ্ছেন। গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি বিশ্বাস করেন ঈশ্বর এই ইরান যুদ্ধকে সমর্থন করছেন, কারণ ঈশ্বর সবসময় ‘মানুষের কল্যাণ’ চান। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, আল জাজিরা। 

FJ
আরও পড়ুন