যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি ইসরায়েল ও লেবানন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ এএম

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ নিজেদের মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করে একটি 'পূর্ণাঙ্গ শান্তি চুক্তি'র আশা প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার অংশ নেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, উভয় পক্ষ একটি নির্দিষ্ট সময় ও স্থানে সরাসরি সংলাপে বসতে একমত হয়েছে। 

ইসরায়েল লেবাননের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্র করা এবং উগ্রবাদী অবকাঠামো ধ্বংস করার বিষয়ে সমর্থন জানিয়েছে। তারা মনে করে, সরাসরি আলোচনার মাধ্যমেই দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

বিবৃতিতে আরও বলা হয়, লেবানন তাদের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি এবং ২০২৪ সালের চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। এছাড়া দেশে চলমান ভয়াবহ মানবিক সংকট দূর করতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে তারা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আশা করছে, এই আলোচনা ২০২৪ সালের চুক্তির চেয়েও বড় পরিসরে হবে এবং একটি স্থায়ী শান্তি চুক্তি বয়ে আনবে।

উল্লেখ্য, এই আলোচনার ঘোষণা এমন এক সময়ে এল যখন দক্ষিণ লেবাননে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। কূটনৈতিক এই উদ্যোগ লেবাননের বাস্তুচ্যুত লাখো মানুষের ঘরে ফেরার পথ সুগম করবে কি না, এখন সেটাই দেখার বিষয়।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত