গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর পৃথক হামলায় দুই শিশুসহ অন্তত ১১ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এবং রয়টার্স সংবাদ সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ছিটমহলটির উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে তিন বছর বয়সী ও ১৪ বছর বয়সী এক কিশোর ছিল।
গাজার বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা শহরে 'একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায়' তিন বছর বয়সী শিশুসহ চারজন নিহত হয়েছেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শহরের কেন্দ্রে পুলিশের গাড়িটিকে 'লক্ষ্য করে' হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন নিহত ও আহত হন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় অন্তত নয়জন পথচারী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
তিনি আরও বলেন, দিনের শুরুতে উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি গুলিতে আরও একজন নিহত হয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায় যে, গাজা শহরের শাতি শরণার্থী শিবিরের একটি চৌরাস্তার কাছে আরেকটি ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
পরে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, শাতি শরণার্থী শিবিরে একদল লোকের ওপর দুটি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় আরও ২,১১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর এই ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে মোট ৭২,৩৩৬ জন নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
ইরানি তেল বিক্রির সময়সীমা বাড়বে না আর: ট্রাম্প
নৌ-অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ
