ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে জানিয়েছেন যে, তার দেশ কোনো যুদ্ধ চায় না বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে কোনো মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান মার্কিন নীতির সমালোচনা করে বলেন, "আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির কোন কাঠামোতে বেসামরিক নাগরিক, মেধাবী ব্যক্তিত্ব এবং শিশুদের লক্ষ্যবস্তু করা কিংবা স্কুল ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করাকে বৈধতা দেওয়া যায়?"
তিনি আরও উল্লেখ করেন যে, ইরান সবসময় সংলাপের পথে হাঁটতে চেয়েছে, কিন্তু জবরদস্তি বা বলপ্রয়োগের মাধ্যমে তেহরানকে দমানো সম্ভব নয়। তার এই বক্তব্য এমন এক সময়ে এল যখন পারস্য উপসাগরে মার্কিন নৌ-অবরোধ এবং সামরিক উত্তেজনা তুঙ্গে। বিশ্লেষকরা মনে করছেন, পেজেশকিয়ানের এই মন্তব্য মূলত দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে আন্তর্জাতিক জনমত গঠন এবং তেহরানের অনড় অবস্থানের বহিঃপ্রকাশ। সূত্র: আলজাজিরা
