হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি বলেছেন, এতে চীন খুবই সন্তুষ্ট হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালি আর কখনোই অবরুদ্ধ থাকবে না এবং এমন অচলাবস্থার পুনরাবৃত্তি হবে না। তিনি আরও দাবি করেন, চীন ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে। একইসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।
তবে এই বক্তব্যের মধ্যেই উত্তেজনা প্রশমনের বদলে নতুন করে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেখা দিয়েছে। এর আগে তেহরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখে, তাহলে শুধু লোহিত সাগর নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর-সহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতেও বাণিজ্য কার্যত অচল করে দেওয়া হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ যদি অব্যাহত থাকে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তা চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় হরমুজকে ঘিরে এমন বক্তব্য ও পাল্টা হুঁশিয়ারি আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।
চীনা গুপ্তচর স্যাটেলাইট দিয়ে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান