ট্রাম্পের লেবানন যুদ্ধবিরতি ঘোষণায় ‘বিব্রতকর পরিস্থিতিতে ইসরায়েল’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ এএম

ইসরায়েলি মন্ত্রিসভায় কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ভোট হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সাথে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করায় তেল আবিবে তীব্র ক্ষোভ ও অস্বস্তির সৃষ্টি হয়েছে। 


ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে সরকারের জন্য অত্যন্ত ‘বিব্রতকর পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এ ধরনের আগাম ঘোষণা ইসরায়েলি নীতিনির্ধারকদের হতবাক করেছে। 

সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতির সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর ঘোষণা করা হয়। কিন্তু ট্রাম্পের এই একতরফা ঘোষণা ইসরায়েলি সার্বভৌমত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে অবমাননা করার শামিল বলে মনে করছেন দেশটির অনেক রাজনীতিবিদ।

সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আজ রাত থেকে যুদ্ধবিরতির জন্য কারিগরিভাবে প্রস্তুত থাকলেও, তারা নিজেরা ঘোষণা করার আগেই ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বার্তা সেনা কর্মকর্তাদের মধ্যে বিস্ময় ও বিভ্রান্তি তৈরি করেছে।

অন্যদিকে, ইসরায়েলি সরকার এবং সাধারণ জনগণের একটি বড় অংশ এখনই যুদ্ধ থামানোর পক্ষে ছিল না। 

তাদের দাবি ছিল, লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনী যে সুবিধাজনক অবস্থানে রয়েছে, তা কাজে লাগিয়ে লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা। ট্রাম্পের এই সিদ্ধান্তে সেই সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে কট্টরপন্থী অংশগুলো।

ট্রাম্প যখন এই ঘোষণা দিলেন, তখন পর্যন্ত দক্ষিণ লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে এবং নিয়মিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ এই ঘোষণা মাঠ পর্যায়ের সেনাদের কাছেও ছিল অপ্রত্যাশিত।

HN
আরও পড়ুন