ইরান যুদ্ধের প্রভাবে চিকিৎসা সামগ্রীর সংকট, ৫ কোটি গ্লাভস ছাড়ছে জাপান

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট মোকাবিলায় ৫ কোটি মেডিকেল গ্লাভস ছাড়ার ঘোষণা দিয়েছে জাপান। 

শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, আগামী মে মাস থেকে সরকারি মজুত থেকে এসব গ্লাভস বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে।

জাপান সরকারের কাছে বর্তমানে প্রায় ৫০ কোটি মেডিকেল গ্লাভসের বিশাল মজুত রয়েছে। সেখান থেকেই প্রথম পর্যায়ে ৫ কোটি গ্লাভস জরুরি ভিত্তিতে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে ‘ন্যাফথা’ (Naphtha) সংকট দেখা দিয়েছে। ন্যাফথা মূলত প্লাস্টিক, রাসায়নিক তন্তু ও রাবার তৈরির প্রধান কাঁচামাল। ফলে গ্লাভসসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর বৈশ্বিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। যুদ্ধের আগে বিশ্বের জ্বালানি তেল ও গ্যাসের একটি বড় অংশ এই পথেই পরিবহন করা হতো।

জ্বালানি সম্পদে অনুন্নত জাপান ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ কমাতে ইতোমধ্যে নিজেদের তেলের মজুত ব্যবহার শুরু করেছে টোকিও। সম্প্রতি দেশটির চিকিৎসকেরা গ্লাভসসহ বিভিন্ন জীবন রক্ষাকারী সরঞ্জামের ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা সরাসরি রোগী সেবার মানকে ঝুঁকির মুখে ফেলেছে।

এই সংকট নিরসনে এবং জ্বালানি সরবরাহ চেইন পুনরায় শক্তিশালী করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ১০০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছে জাপান সরকার। টোকিও আশা করছে, এই বিনিয়োগের ফলে প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সংগ্রহ করা সহজ হবে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে।

NB/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত