যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহুর হুঁশিয়ারি, ‘এখনো কাজ শেষ হয়নি’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

লেবাননে ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

একটি রেকর্ড করা ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা এখনো আমাদের কাজ শেষ করিনি। হিজবুল্লাহর অবশিষ্ট রকেট এবং ড্রোন হুমকি মোকাবিলায় আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো হিজবুল্লাহর সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা। যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েল তাদের কৌশলগত উদ্দেশ্য থেকে সরে আসেনি বলে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

এদিকে নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী মনোভাবের বিপরীতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, 'লেবাননে ইসরায়েলকে আর বোমা মারতে দেওয়া হবে না। যথেষ্ট হয়েছে (Enough is enough!!!)।' 

ইসরায়েল ও লেবানন ১০ দিনের এক সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় নেতানিয়াহুর এই ঘোষণা এবং বিপরীতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা তৈরি করেছে। একদিকে ইসরায়েল হিজবুল্লাহকে দমনের নামে অভিযান চালিয়ে যেতে চাইছে, অন্যদিকে ওয়াশিংটন এই সংঘাতের অবসান চাইছে। সূত্র: আল-জাজিরা

YA/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত