ইউক্রেন যুদ্ধে নিজের মিত্র বেলারুশকে আবারও সরাসরি সংঘাতের ময়দানে নামানোর পাঁয়তারা করছে রাশিয়া।
শুক্রবার (১৭ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক গোয়েন্দা রিপোর্টের বরাতে এই চাঞ্চল্যকর দাবি করেছেন। একই সাথে তিনি মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইউক্রেনের সামরিক অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন।
জেলেনস্কি তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে লিখেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেনের দিকে যাওয়ার রাস্তাগুলোর নির্মাণকাজ এবং বেলারুশ সীমান্ত এলাকায় কামানের (আর্টিলারি) অবস্থান তৈরির কাজ চলছে। আমরা বিশ্বাস করি, রাশিয়া আবারও বেলারুশকে এই যুদ্ধে টেনে আনার চেষ্টা করবে।
তিনি আরও যোগ করেন যে, ইউক্রেন ইতিমধ্যেই বেলারুশ কর্তৃপক্ষকে সতর্ক বার্তা পাঠিয়েছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ইউক্রেন নিজের ভূমি এবং স্বাধীনতা রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত।
হরমুজ প্রণালিতে ইউক্রেনের সহায়তার প্রস্তাব
ফ্রান্স ও ব্রিটেনের সভাপতিত্বে আয়োজিত ৫০টি দেশের এক ভিডিও কনফারেন্সে জেলেনস্কি বলেন, 'এখন আমরা হরমুজ নিয়ে যে সিদ্ধান্ত নেব, তা ঠিক করে দেবে অন্যান্য আগ্রাসী শক্তিগুলো বিশ্বজুড়ে নৌ-চলাচলে বাধার সাহস পাবে কি না।' কৃষ্ণ সাগরে রাশিয়ার ড্রোন ও বিমান হামলা মোকাবিলা এবং সমুদ্র মাইন সরানোর যে দক্ষতা ইউক্রেন অর্জন করেছে, তা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে শেয়ার করতে বিশেষজ্ঞ পাঠানোর ঘোষণাও দেন তিনি।
রাশিয়ার তেল টার্মিনালে ভয়াবহ আগুন
এদিকে শনিবার (১৮ এপ্রিল) ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের টিখোরেৎস্ক এলাকার একটি তেল টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে ২২৪ জন দমকল কর্মী ও ৫৬টি যান মোতায়েন করা হয়েছে। তবে আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনের সামরিক প্রধান সিরস্কি জানিয়েছেন, রাশিয়ার সামরিক ও জ্বালানি সক্ষমতা কমিয়ে আনতে তারা নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছেন। গত মার্চ মাসেই রাশিয়ার ১৫টি তেল শোধনাগারসহ মোট ৭৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইউক্রেন। সূত্র: দ্য গার্ডিয়ান
রুশ তেলে মার্কিন ছাড়ের মেয়াদ বাড়লো
রাশিয়ার ব্যবহৃত অনেক ড্রোন ইরানি নকশায় তৈরি: জেলেনস্কি