লেবানন আর কারো যুদ্ধের ময়দান হবে না: প্রেসিডেন্ট আউন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

লেবানন আর কোনো দেশের দাবার ঘুঁটি বা যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহৃত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন।

ইসরায়েলের সাথে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর শুক্রবার (১৭ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। 

গত ২ মার্চ হিজবুল্লাহর হামলার পর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে লেবাননে ২ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘ সংঘাতের পর গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে ১০ দিনের এক যুদ্ধবিরতি কার্যকর হয়। শুক্রবার টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আউন বলেন, লেবানন আর কারো খেলার পুতুল নয়, কিংবা কারো যুদ্ধের রণক্ষেত্রও নয়। আমরা আর কখনোই তেমনটা হতে দেব না।

তিনি আরও জানান, লেবানন এখন যুদ্ধবিরতি থেকে স্থায়ী চুক্তির দিকে যাওয়ার পর্যায়ে প্রবেশ করছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, 'কোনো চুক্তিতেই দেশের সার্বভৌমত্ব বা অধিকার ক্ষুণ্ণ করা হবে না।' এই আলোচনায় কোনো দুর্বলতা বা আপস নেই বলেও দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি।

যুদ্ধবিরতি কার্যকর করতে সহায়তার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবসহ আরব দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, কয়েক দশক পর ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই এই সমঝোতা সম্ভব হয়েছে।

তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই সময়ে দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করা হবে না। অন্যদিকে প্রেসিডেন্ট আউন তার ভাষণে বলেন, 'আমাদের লক্ষ্য পরিষ্কার—ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, দখলদার সেনাদের প্রত্যাহার নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত লেবানিজদের সসম্মানে নিজেদের ঘরে ফিরিয়ে আনা।'

YA
আরও পড়ুন