ইসরায়েল জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়: ট্রাম্প

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত ও বিচক্ষণ মিত্র হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্পের মতে, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা, লেবানন এবং ইরানে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে যখন ইউরোপের দেশগুলো তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখন ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। সম্প্রতি ইতালি ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে এবং স্পেন দেশটিতে মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্প লিখেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তারা সাহসী, নির্ভীক, অনুগত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখাচ্ছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো; তারা সর্বস্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে জিততে হয়।

YA/FJ
আরও পড়ুন