মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুই কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স ও দ্য হিল।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা ছাড়াও একজন মেক্সিকান কর্মকর্তা এবং একজন পুলিশ সদস্য রয়েছেন। তারা শনিবার (১৮ এপ্রিল) চিহুয়াহুয়ায় দুটি মেথামফেটামিন ল্যাব (মাদক তৈরির কারখানা) ধ্বংস করার বিশেষ অভিযানে অংশ নিয়েছিলেন। ওই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা রোববার সড়ক দুর্ঘটনার শিকার হন এবং এতে চারজনের মৃত্যু হয়।
মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন এক বিবৃতিতে এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, সমাজকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্মকর্তারা কত বড় ঝুঁকি নিয়ে কাজ করেন।' মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত নিহত কর্মকর্তাদের নাম প্রকাশ করেনি।
গত ফেব্রুয়ারিতে মেক্সিকোর কুখ্যাত মাদক কার্টেল ‘জালিস্কো নিউ জেনারেশন’-এর নেতা নিমিসিও রুবেন অসিগুয়েরা কারভান্তাস সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতা চরম আকার ধারণ করেছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত