মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এবার অঞ্চলটিতে বিশাল বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, এই রণতরিটির আগমনের ফলে বর্তমানে এই অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়াল।
শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।
মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানায়, ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রণতরিটিকে ভারত মহাসাগরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় অবস্থান করতে দেখা গেছে।
পোস্টে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, রণতরিটির বিশাল ডেক অত্যাধুনিক যুদ্ধবিমানে পরিপূর্ণ। মূলত মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে পেন্টাগন।
