জার্মানির রাজধানী বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি ভবন থেকে সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় এক যুবক তার ওপর এই হামলা চালায়। হামলাকারীকে তাৎক্ষণিকভাবে আটক করেছে সেখানে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
সংবাদমাধ্যম ইয়েনি সাফেক-এর প্রতিবেদন অনুযায়ী, ৬৫ বছর বয়সী রেজা পাহলভির ওপর ছুড়ে মারা তরলটি টমেটো জুস বা সস ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই নিরাপত্তাবেষ্টনীর মধ্যে তিনি দ্রুত গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
জানা গেছে, ওই সংবাদ সম্মেলনে রেজা পাহলভি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির তীব্র সমালোচনা করেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক মতাদর্শের বিরোধ থেকেই এই আক্রমণ চালানো হয়েছে।
রেজা পাহলভি ইরানের শেষ সম্রাট (শাহ) মোহাম্মদ রেজা পাহলভির বড় ছেলে। ১৯৭৯ সালে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে তার বাবার শাসনামলের পতন ঘটলে তারা দেশত্যাগে বাধ্য হন। দীর্ঘ নির্বাসিত জীবনেও রেজা পাহলভি ইরানে রাজতন্ত্র ফিরিয়ে আনার এবং শাহদের শাসন পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।
বর্তমানে তিনি প্রবাসে বসবাসরত ইরানিদের সংহতি আদায়ে ইউরোপ সফর করছেন। তবে জার্মানিতে অবস্থান করলেও দেশটির সরকারের কোনো উচ্চপদস্থ প্রতিনিধি বা কর্মকর্তা তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক করেননি। এর মধ্যেই বার্লিনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: ইয়েনি সাফেক
আরও তিন সপ্তাহ বাড়লো ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি
রোববার শেষ হচ্ছে যুদ্ধবিরতি, ট্রাম্পের আল্টিমেটামে নতুন মোড়