ভারতের মুম্বাইয়ের পাইধুনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) মুম্বাই পুলিশ বিষক্রিয়ায় এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—আব্দুল্লাহ দোকাদিয়া (৪০), তার স্ত্রী নাসরিন দোকাদিয়া (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)।
পুলিশের তদন্ত অনুযায়ী, গত ২৫ এপ্রিল রাতে আব্দুল্লাহ তার পরিবার ও আত্মীয়দের নিয়ে বিরিয়ানি দিয়ে নৈশভোজ সারেন। খাওয়া শেষে আত্মীয়রা চলে যাওয়ার পর রাত দেড়টার দিকে ওই পরিবারের সদস্যরা তরমুজ খান। পরদিন ২৬ এপ্রিল ভোরে তাদের প্রত্যেকের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তীব্র বমি ও ডায়রিয়া নিয়ে তাদের দ্রুত মুম্বাইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ছোট মেয়ে জয়নাব এবং রাতে বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়। পরবর্তীতে মা নাসরিন ও বড় মেয়ে আয়েশাও চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।
জেজে মার্গ থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। বিরিয়ানি ও তরমুজের সংমিশ্রণ নাকি খাবারের মান—ঠিক কী কারণে এই বিষক্রিয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৩৮