বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারে না ইরান: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ এএম

মধ্যপ্রাচ্যের কৌশলগত নৌপথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণকে ব্যবহার করে ইরান যেন ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি’ করতে না পারে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক সাক্ষাৎকারে এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। এই পথে যেকোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়া মানেই বৈশ্বিক অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করা।

কুপার জানান, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে সফল করতে ব্রিটিশ সরকার পর্দার আড়ালে কাজ করছে। তারা চায় একটি টেকসই সমাধান, যা আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোকে নিরাপদ রাখবে।

ব্রিটিশ কর্মকর্তারা বারবার সতর্ক করে বলছেন যে, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অস্থিরতা দেখা দিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এটি কেবল বাজারকে অস্থিতিশীল করবে না, বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকট তৈরি করবে। আর এই কারণেই ইরানকে কোনোভাবেই বিশ্ব অর্থনীতি নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে লন্ডন। সূত্র: মিডল ইস্ট আই

YA
আরও পড়ুন