প্রতিবেশী ১১ দেশ নিয়ে ভারতের সামরিক মহড়া, তালিকায় নেই বাংলাদেশ

আপডেট : ০১ মে ২০২৬, ০২:৪৩ পিএম

ভারত এই প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ ১১টি প্রতিবেশী দেশের সঙ্গে বড় আকারের যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। তবে বিস্ময়করভাবে এই ১১ দেশের তালিকায় বাংলাদেশের নাম রাখা হয়নি।

আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যে এই বহুজাতিক সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। মহড়াটির নামকরণ করা হয়েছে ‘প্রগতি’।

এই মহড়ায় অংশ নিচ্ছে- লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান।

ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য (আইএসপিআর) বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে যে, এই মহড়াটি মূলত আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে। এবারের মহড়ার মূল কেন্দ্রবিন্দু হিসেবে নির্ধারণ করা হয়েছে বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্র আরও জানিয়েছে, এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য হলো সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারত আগে সাধারণত এক বা দুটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সামরিক মহড়া পরিচালনা করত। তবে একসঙ্গে ১১টি দেশের অংশগ্রহণে এই কনসোর্টিয়াম-ধর্মী মহড়ার আয়োজন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ভারতের সামরিক বাহিনী এশিয়ার বিভিন্ন সামরিক শক্তির সঙ্গে একটি শক্তিশালী সমন্বিত সংযুক্তি চাইছে। মূলত আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতেই ভারত প্রথমবারের মতো এই ধরনের বড় আকারের বহুপক্ষীয় সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে।

YA
আরও পড়ুন