ইরান যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতির সুযোগ নিতে শুরু করেছে সোমালি জলদস্যুরা।
লোহিত সাগর ও এডেন উপসাগরীয় এলাকায় আন্তর্জাতিক নজরদারি শিথিল হওয়ার সুযোগে তারা আবারও বাণিজ্যিক জাহাজে বড় ধরনের হামলা চালাচ্ছে। সবশেষ ইয়েমেন উপকূল থেকে ‘এমটি ইউরেকা’ নামে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ইয়েমেন কোস্টগার্ডের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার (২ মে) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশের উপকূলে সশস্ত্র জলদস্যুরা ‘এমটি ইউরেকা’ ট্যাংকারটি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে জাহাজটিকে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজে থাকা নাবিকদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহের মধ্যে এটি চতুর্থ ছিনতাইয়ের ঘটনা। এর আগে গত ২১ এপ্রিল ১৮ হাজার ব্যারেল তেলসহ একটি ট্যাংকার এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে আরও দুটি জাহাজ দস্যুদের কবলে পড়ে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর মতে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমালি উপকূলে জলদস্যুতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, হুথি গোষ্ঠীর হামলা মোকাবিলা এবং লোহিত সাগরের নির্দিষ্ট এলাকায় নৌ টহল সীমাবদ্ধ হয়ে পড়ায় জলদস্যুরা নজরদারির এই ‘ফাঁক’ ব্যবহার করছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই অঞ্চলে জলদস্যুতার হুমকির মাত্রা ‘উল্লেখযোগ্য’ বলে সতর্ক করেছে।
এক সময় সোমালিয়া উপকূল বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ছিল, যা ২০১৪ সালের দিকে নিয়ন্ত্রণে এলেও বর্তমান অস্থিতিশীলতায় তা আবারও বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা
মার্কিন অবরোধ এড়িয়ে এশিয়ায় ইরানি সুপারট্যাঙ্কার