মরক্কোয় সামরিক মহড়ায় ২ মার্কিন সেনা নিখোঁজ

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:২৩ পিএম

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে উত্তর আফ্রিকায় অনুষ্ঠিত ‘আফ্রিকান লায়ন ২০২৬’ নামক বৃহৎ বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। মরক্কোর দক্ষিণাঞ্চলীয় উপকূলে মহড়া চলাকালীন এই ঘটনা ঘটে।

মরক্কোর সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় তান-তান এলাকার ‘ক্যাপ দ্রা’ উপকূলের কাছে একটি দুর্গম পাহাড়ি অঞ্চলের পাশ থেকে ওই দুই মার্কিন সেনা নিখোঁজ হন। উল্লেখ্য, এই মহড়ায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রায় ৫ হাজার সেনাসদস্য অংশগ্রহণ করছেন।

সেনা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই মরক্কো ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ যৌথভাবে বড় আকারের উদ্ধার অভিযান শুরু করেছে। স্থলপথের পাশাপাশি আকাশ ও সমুদ্রপথেও তল্লাশি চালানো হচ্ছে। মরক্কোর রাজকীয় বাহিনী এবং মার্কিন কমান্ডোরা অত্যন্ত গুরুত্বের সাথে ক্যাপ দ্রা এলাকার প্রতিটি পয়েন্টে অনুসন্ধান চালাচ্ছে।

এদিকে, ইউএস আফ্রিকা কমান্ড (USAFRICOM) এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, বিষয়টি বর্তমানে গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঠিক কী কারণে তারা মূল বহর থেকে বিচ্ছিন্ন হলেন, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

‘আফ্রিকান লায়ন’ হলো উত্তর আফ্রিকার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বহুজাতিক সামরিক অনুশীলন। প্রতি বছর আয়োজিত এই মহড়ার মূল লক্ষ্য হলো আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় মিত্র দেশগুলোর সামরিক সক্ষমতা বৃদ্ধি করা।

নিখোঁজ দুই সেনার ভাগ্যে কী ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। উদ্ধার অভিযান সচল রয়েছে এবং মরক্কো-যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। সূত্র: এএফপি

FJ
আরও পড়ুন