ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আম্বেদকর নগরে নিজ বাড়ি থেকে চার নাবালক ভাইবোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের মাকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে, যিনি বর্তমানে পলাতক।
শনিবার (২ মে) দুপুর ৩টার দিকে মীরানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘ সময় দরজায় কড়া নাড়ার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পুলিশ একটি বিছানায় চার শিশুকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে।
নিহতরা হলো শফিক (১৪), সৌদ (১২), উমর (৮) ও বানু (৬)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, শিশুদের মা গাসিয়া খাতুন ঘটনাস্থল থেকে নিখোঁজ রয়েছেন এবং তিনিই এই ঘটনার প্রধান সন্দেহভাজন। ধারণা করা হচ্ছে, ঘটনার পর তিনি বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যান।
জেলা পুলিশ সুপার প্রাচী সিং জানান, একটি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে, পুলিশ ওই নারীকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনার পেছনে মানসিক অবস্থা, পারিবারিক দ্বন্দ্বসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শিশুদের বাবা নিয়াজ গত দেড় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন।
তিনি বিদেশে দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে, এতে গাসিয়া মারাত্মক মানসিক যন্ত্রণা পেয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে এসপি বলেন, ‘আমরা এমন তথ্যও পেয়েছি যে, নারীটি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন, যিনি নাকি তার অতীতের দায়িত্বগুলো নিতে চাননি।’
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ আজ, ৮টায় ভোট গণনা শুরু
দক্ষিণ কোরিয়ায় ‘ঘুম প্রতিযোগিতা’, বিজয়ী হলেন ৮০ বছরের বৃদ্ধ
৯ বছর পর পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি