হরমুজ ইস্যুতে জাতিসংঘে পাল্টাপাল্টি প্রস্তাব, যুক্তরাষ্ট্র-বাহরাইনকে সতর্ক করলো রাশিয়া

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:০২ পিএম

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ বিরোধী একটি খসড়া প্রস্তাব প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এই প্রস্তাবটি বর্তমান সংঘাত নিরসনে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে না।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ ইজভেস্টিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে তৈরি এই খসড়া প্রস্তাবটি রাশিয়া সমর্থন করতে পারছে না। তিনি বলেন, আমরা এই প্রস্তাবের সহ-লেখকদের (যুক্তরাষ্ট্র ও বাহরাইন) এটি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। এই নথিটি নিয়ে তাড়াহুড়ো করার কোনো যৌক্তিকতা নেই, কারণ এর মধ্যে আমরা ইতিবাচক কোনো সম্ভাবনা দেখছি না।

আলিমভ জানান, রাশিয়া ও চীন যৌথভাবে একটি পাল্টা খসড়া প্রস্তাব তৈরি করেছে। রুশ-চীন প্রস্তাবের মূল বিষয়গুলো হলো:

  • সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো।
  • শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা।
  • আলোচনার টেবিলে বসে সব মতভেদ দূর করা।

জাতিসংঘের নিজস্ব সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবটিকে কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিয়েছে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার হাতে ‘ভেটো’ ক্ষমতা রয়েছে, যা ব্যবহার করে তারা যেকোনো প্রস্তাব বাতিল করে দিতে পারে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য না হওয়ায় রাশিয়ার সমর্থন ছাড়া প্রস্তাবটি পাস করানো প্রায় অসম্ভব।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ইস্যুতে বিশ্বশক্তিগুলো এখন স্পষ্টত দুই ভাগে বিভক্ত। একদিকে যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্ররা ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে, অন্যদিকে রাশিয়া ও চীন আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের পক্ষে অবস্থান নিচ্ছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত