গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া দুই বিদেশি অ্যাক্টিভিস্টকে তদন্ত শেষে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (১০ মে) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বহিষ্কৃত দুই অ্যাক্টিভিস্ট হলেন থিয়াগো অ্যাভিলা (ব্রাজিলীয় নাগরিক) এবং সাইফ আবু কেশেক (ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক)। গত ১ মে গ্রিসের উপকূলে আন্তর্জাতিক জলসীমায় তাদের বহনকারী নৌযানটি ইসরায়েলি নৌবাহিনী বাধা দেয় এবং তাদের আটক করে ইসরায়েলে নিয়ে আসা হয়।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তাদের ‘পেশাদার উস্কানিদাতা’ হিসেবে উল্লেখ করে লিখেছে, তদন্ত সম্পন্ন হওয়ার পর উস্কানি ফ্লোটিলার দুই সদস্য সাইফ আবু কেশেক এবং থিয়াগো অ্যাভিলাকে আজ ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। গাজার ওপর আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘনের কোনো প্রচেষ্টা ইসরায়েল সহ্য করবে না।
জানা গেছে, আটক থাকাকালীন এই দুই অ্যাক্টিভিস্ট টানা অনশন পালন করেছিলেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ তাদের বিরুদ্ধে হামাসের সাথে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগ তুললেও শেষ পর্যন্ত আদালতে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। মানবাধিকার সংস্থা ‘আদালাহ’ (Adalah) জানিয়েছে, তাদের এক সপ্তাহ ধরে নির্জন কারাবাসে রাখা হয়েছিল। যদিও স্পেন, ব্রাজিল এবং জাতিসংঘ তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে আসছিল।
উল্লেখ্য, ৩০ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে প্রায় ২০টি নৌযানের এই ফ্লোটিলাটি ইসরায়েলি নৌবাহিনী আটকে দেয়। ১৭০ জন অ্যাক্টিভিস্টের মধ্যে বাকিদের আগেই গ্রিসে পাঠিয়ে দেওয়া হলেও এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে আসা হয়েছিল। গাজার ওপর ২০০৭ সাল থেকে চলমান ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যেই এই প্রতীকী ফ্লোটিলাটি যাত্রা শুরু করেছিল। সূত্র: আলজাজিরা
তেল আবিবে সরকারের বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ
বেন গভিরকে ‘শতাব্দীর জল্লাদ’ আখ্যা দিলো মানবাধিকার কর্মীরা