হরমুজ প্রণালি পার হলো কাতারের গ্যাসবাহী জাহাজ

আপডেট : ১০ মে ২০২৬, ০২:৩১ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর কাতারভিত্তিক একটি কোম্পানির এলএনজি (LNG) বাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওপেন সোর্স প্ল্যাটফর্ম 'মেরিন ট্রাফিক' এর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো কাতারি গ্যাসবাহী জাহাজের সফল প্রণালি পারাপার।

জাহাজটির নাম ‘আল-খারিফিয়াত’ (Al-Kharaitiyat)। এটি কাতারের রাস লাফান বন্দর থেকে রওনা হয়ে পাকিস্তানের পোর্ট কাসিমের উদ্দেশ্যে যাত্রা করছিল। নেভিগেশনাল তথ্য অনুসারে, জাহাজটি গতকাল দোহা সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (জিএমটি ১৩:২৭) ইরানের কেশম দ্বীপের কাছে অবস্থান করার সময় ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায়। টানা ১৪ ঘণ্টা এর কোনো সংকেত পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান বা মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়াতে অথবা নিরাপত্তার স্বার্থে জাহাজটি তার সংকেত ব্যবস্থা (AIS) বন্ধ করে রেখেছিল। দীর্ঘ এই 'ব্ল্যাকআউট' শেষে প্রণালির বাইরে জাহাজটির সংকেত পুনরায় শনাক্ত হওয়ায় এটি নিশ্চিত হওয়া গেছে যে, জাহাজটি সফলভাবে বিপদসংকুল জলপথটি অতিক্রম করতে পেরেছে।

গত কয়েক সপ্তাহ ধরে কাতার বেশ কয়েকবার এই পথে জাহাজ পাঠানোর চেষ্টা করলেও ইরানের কড়াকড়ির কারণে সফল হতে পারেনি। 'আল-খারিফিয়াত'-এর এই সফল যাত্রা ওই অঞ্চলে স্থবির হয়ে পড়া জ্বালানি বাণিজ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন