মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ ইতালীয় নাগরিকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২৬, ০৯:৫৪ এএম

মালদ্বীপের ভাভু অ্যাটলে সমুদ্রের তলদেশে ডাইভিং করার সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইতালির পাঁচ পর্যটক।

মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ইতিহাসে স্কুবা ডাইভিং সংক্রান্ত এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং ভয়াবহতম দুর্ঘটনা।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে পাঁচজন ইতালীয় নাগরিক সমুদ্রের গভীরে ডাইভিং করতে নামেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় জাহাজের কর্মীরা পুলিশকে খবর দেয়। মালদ্বীপের সেনাবাহিনী জানায়, পানির প্রায় ৫০-৬০ মিটার গভীরে একটি গুহা অন্বেষণ করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।

ইতিমধ্যেই পানির নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনও একই জায়গায় আটকা পড়ে আছেন বলে ধারণা করছে উদ্ধারকারীরা। তবে ওই এলাকায় পানির গভীরতা বেশি এবং আবহাওয়া খারাপ হওয়ায় উদ্ধার অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নিহতদের মধ্যে জেনোয়া বিশ্ববিদ্যালয়ের একজন সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপিকা, তার মেয়ে ও দুইজন গবেষক ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

পুলিশের তথ্যমতে, দুর্ঘটনার সময় রাজধানী মালে থেকে ১০০ কিলোমিটার দক্ষিণের ওই এলাকায় আবহাওয়া প্রতিকূল ছিল। এমনকি জেলে ও সাধারণ নৌকার জন্য সতর্কতাও জারি করা হয়েছিল। মালদ্বীপে সাধারণত ডাইভিং দুর্ঘটনা খুব একটা দেখা যায় না, তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের মৃত্যুর হার কিছুটা বেড়েছে। এর আগে গত ডিসেম্বরে এক অভিজ্ঞ ব্রিটিশ দম্পতি এবং তারও আগে একজন জাপানি পর্যটকের মৃত্যু হয়েছিল।

সূত্র: বিবিসি

YA
আরও পড়ুন