মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে ‘ক্ষয়িষ্ণু জাতি’ হিসেবে যে বর্ণনা দিয়েছিলেন, তা মূলত জো বাইডেনের প্রশাসনকে উদ্দেশ্য করে বলা হয়েছিল।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ব্যাখ্যা দেন।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, প্রেসিডেন্ট শি যখন অত্যন্ত মার্জিতভাবে যুক্তরাষ্ট্রকে একটি ক্ষয়িষ্ণু জাতি হিসেবে উল্লেখ করেছিলেন, তখন তিনি মূলত 'স্লিপি' জো বাইডেনের চার বছরে হওয়া ভয়াবহ ক্ষতির দিকে ইঙ্গিত করেছিলেন।
ট্রাম্পের মতে, বাইডেনের আমলে উন্মুক্ত সীমান্ত, উচ্চ কর হার, খেলাধুলায় লিঙ্গ বিতর্ক, ত্রুটিপূর্ণ বাণিজ্য চুক্তি এবং অপরাধের বিস্তার যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে।
ট্রাম্প দাবি করেন, তাঁর শাসনামলে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের ‘সবচেয়ে আকর্ষণীয়’ রাষ্ট্রে পরিণত হয়েছে। নিজের সাফল্যের প্রমাণ হিসেবে তিনি শেয়ার বাজারের রেকর্ড উচ্চতা, ইরানের সামরিক শক্তি খর্ব করা এবং বাইরের দেশগুলো থেকে রেকর্ড ১৮ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়টি উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, শি জিনপিং নিজেও এই সাফল্যের স্বীকৃতি দিয়েছেন। ট্রাম্প লেখেন, প্রেসিডেন্ট শি এত অল্প সময়ে এত বিশাল সাফল্যের জন্য আমাকে অভিনন্দন জানিয়েছেন।
পরিশেষে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আশা করি চীনের সাথে আমাদের সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী ও উন্নত হবে। সূত্র: আল জাজিরা