টোলমুক্ত ও উন্মুক্ত হরমুজ প্রণালির পক্ষে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:১৯ পিএম

হরমুজ প্রণালিতে কোনো ধরণের বিধিনিষেধ বা টোল ছাড়াই উন্মুক্ত রাখার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন।

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শীর্ষ সম্মেলনের আলোচনায় বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যামিসন গ্রিয়ার বলেন, চীনের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোনো ধরণের টোল আদায়, সামরিক নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ তারা চায় না। বৈঠকের আলোচনায় বিষয়টি পরিষ্কার হয়েছে এবং আমরা তাদের এই অবস্থানকে স্বাগত জানাই।

ইরানের প্রতি চীনের সমর্থনের বিষয়ে গ্রিয়ার জানান, ওয়াশিংটন বিশ্বাস করে বেইজিং বর্তমানে অত্যন্ত বাস্তববাদী বা ‘প্র্যাগম্যাটিক’ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, চীনারা এই সংকটের ভুল দিকে থাকতে চায় না। তারা মধ্যপ্রাচ্যে শান্তি চায়, আর প্রেসিডেন্ট ট্রাম্পও সেখানে শান্তি দেখতে চান।

মার্কিন বাণিজ্য প্রধান আশা প্রকাশ করে বলেন, চীন ইরানকে যেকোনো ধরণের বস্তুগত বা সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধ রাখবে। শান্তি বজায় রাখার স্বার্থে চীন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে ওয়াশিংটন গভীর আস্থা পোষণ করছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন