সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২০০৯ সালেই ইরানে হামলার জন্য লবিং করেছিলেন নেতানিয়াহু

আপডেট : ১৮ মে ২০২৬, ০৯:০১ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সালের দিকেই ইরানে সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে জোর লবিং করেছিলেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং সিআইএ (CIA) পরিচালক রবার্ট গেটস। তৎকালীন এক বৈঠকে নেতানিয়াহু যুক্তি দিয়েছিলেন, সামরিক আঘাত পেলেই ইরানের শাসনব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্ট গেটস সেই পুরোনো স্মৃতি হাতড়ে জানান, ২০০৯ সালের জুলাই মাসে এক দ্বিপাক্ষিক আলোচনায় নেতানিয়াহু তাকে বলেছিলেন- ইরানের বর্তমান সরকার খুবই ভঙ্গুর এবং "প্রথম আঘাতেই এটি গুঁড়িয়ে যাবে।

তবে গেটস সে সময়ই নেতানিয়াহুর এই মূল্যায়নকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তখন নেতানিয়াহুকে বলেছিলাম যে তিনি সম্পূর্ণ ভুল ভাবছেন এবং ইরানীদের প্রতিরোধ ক্ষমতাকে বড্ড ছোট করে দেখছেন।

রবার্ট গেটস আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ইসরায়েলের আগের কিছু হামলার অভিজ্ঞতাই মূলত নেতানিয়াহুকে এমন অবাস্তব ভাবনার দিকে ঠেলে দিয়েছিল। উদাহরণ হিসেবে তিনি ১৯৮১ সালে ইরাকের ওসিয়াক (Osirak) পারমাণবিক চুল্লিতে এবং ২০০৭ সালে সিরিয়ার পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার কথা উল্লেখ করেন। ওইসব হামলায় ইসরায়েলকে তেমন কোনো বড় পাল্টা জবাবের মুখোমুখি হতে হয়নি। আর এই সীমিত প্রতিক্রিয়ার ইতিহাসই ইরানের সম্ভাব্য পাল্টা জবাবের ব্যাপারে নেতানিয়াহুকে একটি অবাস্তব অবস্থানে নিয়ে গিয়েছিল বলে মনে করেন এই সাবেক মার্কিন প্রতিরক্ষা প্রধান। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন