বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওমানের সাথে একটি যৌথ মেকানিজম বা ব্যবস্থা তৈরির কাজ শুরু করেছে ইরান। সোমবার (১৮ মে ২০২৬) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেছেন।
বাঘাই জানান, গত সপ্তাহে ওমানের রাজধানী মাসকাটে দুই দেশের কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা একটি বৈঠক করেছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রণালীতে ট্রাফিক পরিচালনা এবং একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরির লক্ষ্যেই এই আলোচনা চলছে।
ইরান হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ওমান এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে নিরন্তর যোগাযোগ রাখছে। আগামী সপ্তাহে আবারও বিশেষজ্ঞ পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে মুখপাত্র মনে করিয়ে দেন যে, গত ৪ মে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) হরমুজ প্রণালীতে একটি নতুন 'কঠোর সামুদ্রিক নিয়ন্ত্রণ অঞ্চল' (Strict Maritime Control Zone) ঘোষণা করেছিল। ইরান ও ওমান উভয়েই এই প্রণালীর স্থিতিশীলতা রক্ষায় অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।
হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনীগুলোর একটি। সম্প্রতি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সমুদ্রপথে যাতায়াত বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ইরানের সংসদীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন মেকানিজম চালু হলে কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখা পক্ষগুলোই এর সুফল ভোগ করবে। এমনকি এই বিশেষায়িত সেবার জন্য ইরান ফি আদায় করার বিষয়টিও বিবেচনা করছে।
ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান বরাবরই এই পথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আসছে।
তাদের কিছুই অবশিষ্ট থাকবে না: ট্রাম্প