নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের রেললাইন অবরোধ

আপডেট : ২০ মে ২০২৬, ১১:৩৯ এএম

নেদারল্যান্ডসের দ্য হেগ সেন্ট্রাল স্টেশনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা অবরোধ করেছে। এতে মঙ্গলবার সন্ধ্যায় ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে ডাচ কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজা পরিস্থিতির বিষয়ে ডাচ সরকারের হস্তক্ষেপ এবং ইসরায়েল কর্তৃক 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' (গাজাভিমুখী ত্রাণবাহী জাহাজ) থেকে অপহৃত অ্যাক্টিভিস্টদের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা রেললাইন দখল করে নেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ৫ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ঘটনার ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পাইপের সাহায্যে একে অপরের সঙ্গে নিজেদের বেঁধে রেখেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাদের আলাদা করতে শেষ পর্যন্ত কর্তৃপক্ষকে গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে পাইপ কাটতে হয়।

এই রেললাইন অবরোধের কিছু সময় আগেই হেগের পার্লামেন্ট ভবনের কাছে আরেকটি পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকেও গাজাভিমুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-এর সংহতিতে র‍্যালি করার সময় প্রায় ৭০ থেকে ৮০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন