ইরানের সঙ্গে কোনো শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে বিশ্ব। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই শেষ পর্যন্ত একটি ‘ভালো চুক্তি’ হিসেবে গণ্য হবে।
শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য শেষে এক প্রশ্নোত্তর পর্বে হেগসেথ এই মন্তব্য করেন। তিনি জানান, ইরানের সঙ্গে যেকোনো শান্তিচুক্তি যেন দেশটির পরমাণু অস্ত্র অর্জনের পথ পুরোপুরি বন্ধ করে দেয়, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ ধৈর্যের পরিচয় দিচ্ছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজ সকালেই আমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তিনি আমাকে এটি পুনর্ব্যক্ত করতে বলেছেন যে, আমেরিকার এই ঐতিহাসিক প্রচেষ্টায় যেকোনো চুক্তিই যেন একটি ভালো এবং দুর্দান্ত চুক্তি হয়, তা নিশ্চিত করতে তিনি কতটা ধৈর্যশীল এবং এই লক্ষ্য অর্জনে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন।
ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে হেগসেথ আরও বলেন, ইরান যদি এমন একটি দুর্দান্ত চুক্তি করতে রাজি না হয় যা তাদের পরমাণু অস্ত্র পাওয়া বন্ধ করবে, তবে তাদের মার্কিন সামরিক বাহিনীর মুখোমুখি হতে হবে।
পরবর্তীতে এক সংবাদিক হেগসেথের মন্তব্যটির ওপর জোর দিয়ে ‘যেকোনো চুক্তিই ভালো চুক্তি হবে’ এই বিষয়ে জানতে চাইলে তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি গণমাধ্যমের এমন চাতুর্যপূর্ণ প্রশ্ন পছন্দ করি। আমি স্পষ্ট বলেছি যে, এটি একটি ভালো চুক্তি হতে যাচ্ছে।
পাশাপাশি মার্কিন প্রতিরক্ষাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সশস্ত্র বাহিনী যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের অস্ত্রের মজুতও পর্যাপ্ত।
সূত্র: সিএনএন
ট্রাম্প-এপস্টিনের ছবিসহ ‘২৫০ ডলারের নোট’ প্রকাশ ইরানি দূতাবাসের
৬ জুনের বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের নতুন কৌশল