চলতি বছরের জানুয়ারি মাসে ইরানজুড়ে হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।
ইরানের বিচার বিভাগের আনুষ্ঠানিক সংবাদ সংস্থা ‘মিজান নিউজ এজেন্সি’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
মিজান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি মসজিদে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে সহিংস সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছিল এবং বিচার প্রক্রিয়ায় তাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন।
প্রতিবেদনে মৃত ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন—মেহেরদাদ মোহাম্মদীনিয়া এবং আশকান মালেকি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, তেহরানের গিশা এলাকায় অবস্থিত ‘জাফরি মসজিদে’ হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী বা অপরাধীদের মধ্যে এই দুজন অন্যতম ছিলেন।
আদালত কর্তৃক তাঁদের ওপর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর, নিয়ম অনুযায়ী ইরানের সর্বোচ্চ আদালত এই সাজা বহাল রাখে। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদনের পরেই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
উল্লেখ্য, দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। তবে সময়ের সাথে সাথে তা আরও তীব্র রূপ নেয় এবং একপর্যায়ে তা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান শাসন করে আসা ধর্মীয় শাসকদের বা সরকারের বিরুদ্ধে একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আত্মপ্রকাশ করে। সূত্র: আল জাজিরা
ইরান চুক্তি করতে মরিয়া, সবশেষে ভালো কিছুই হবে: ট্রাম্প