সারের মূল্যবৃদ্ধি ও খরায় অস্ট্রেলিয়ায় গম উৎপাদনে ধস

আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:০৬ এএম

বিশ্ববাজারে গম রপ্তানিকারক শীর্ষ দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়া এবার বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে। ইরান যুদ্ধের কারণে সারের আকাশচুম্বী দাম এবং অভ্যন্তরীণ শুষ্ক আবহাওয়ার কারণে দেশটিতে আগামী মৌসুমের গম উৎপাদন গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে বলে সরকারি পূর্বাভাসে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্সেস (ABARES) তাদের ত্রৈমাসিক ফসল প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় প্রায় ২৬.৭ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদিত হতে পারে। এই পরিমাণটি গত মৌসুমের তুলনায় প্রায় ৯ মিলিয়ন টন কম।

ABARES তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে সারের দাম আকাশচুম্বী হওয়া এবং অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াই এই উৎপাদন হ্রাসের প্রধান কারণ।

মূলত, মার্কিন-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া তাদের প্রয়োজনীয় ডিজেল জ্বালানি এবং সারের একটি বিশাল অংশ আমদানি করত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে। বর্তমানে এই নৌপথটি অবরুদ্ধ থাকায় দেশটিতে সার ও জ্বালানি সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটেছে।

অস্ট্রেলিয়ার সরকারি সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, "বর্তমানে যে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা বা পূর্বাভাস দেওয়া হয়েছে, তা অর্জন করতে হলে কৃষকদের জন্য সময়মতো ও পর্যাপ্ত পরিমাণে সারের সরবরাহ নিশ্চিত করা এবং আগামী দিনগুলোতে প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়া অত্যন্ত জরুরি।" সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন