মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের গুলি

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ এএম

যুদ্ধবিরতি লঙ্ঘনের পারস্পরিক অভিযোগের মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় আবারও মুখোমুখি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের এই সাম্প্রতিক দফায় দফায় সংঘর্ষের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’।

যদিও নতুন এই সংঘাতের সম্পূর্ণ বিবরণ এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। তবে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আজ (৬ জুন) ভোরের দিকে বেশ কয়েকটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালির কাছে অবস্থিত হরমুজগান প্রদেশের ‘সিরিক’ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের খবরও নিশ্চিত করেছে ইরান। ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেবল এতটুকুই জানানো হয়েছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালিতে ইরান বেশ কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করেছে, যা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা উসকে দিয়েছে।

মার্কিন এই দাবির বিষয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান বিস্তারিত বক্তব্য বা বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে এক ধরনের সংঘাতের ধারা লক্ষ্য করা যাচ্ছে। মাত্র দুদিন আগেও ঠিক একইভাবে দুই পক্ষ সংঘাতে জড়ায় এবং কে আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে—তা নিয়ে একে অপরকে দোষারোপ করতে থাকে।

বর্তমানে হরমুজ প্রণালিই দুই দেশ এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে ‘উত্তপ্ত পয়েন্ট’ বা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এর মূল কারণ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইরান যেন এই এলাকা থেকে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাহার করে নেয় এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালিকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়।

তবে আমেরিকার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানি নীতিনির্ধারকদের স্পষ্ট কথা— তারা কোনোভাবেই হরমুজ প্রণালির ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হাতছাড়া করবে না। কারণ, আমেরিকা এবং ইসরায়েলের সাথে চলমান এই মহাসংঘাত ও মুখোমুখি লড়াইয়ে হরমুজ প্রণালিকেই নিজেদের সবচেয়ে বড় শক্তির জায়গা বলে মনে করে ইরান। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন