ফিলিস্তিন প্রসঙ্গে দ্বন্দ্বে জড়ালেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:৪১ এএম

ফিলিস্তিনের জাতীয় পতাকা সরানোকে কেন্দ্র করে ইউরোপীয় দেশ স্লোভেনিয়ার রাজনীতিতে এক নজিরবিহীন দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি হয়েছে। দেশটির নতুন ডানপন্থী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশা দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সরকারি প্রধান ভবন থেকে ফিলিস্তিনের পতাকা সরিয়ে ফেললে এর তীব্র প্রতিক্রিয়া জানান দেশটির প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার।

ডানপন্থী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশা রাজধানী লুবিয়ানার মূল সরকারি ভবন থেকে ফিলিস্তিনের পতাকা নামিয়ে দেওয়ার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে এর কড়া জবাব দেন প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার।

ভিডিও বার্তায় প্রেসিডেন্ট বলেন, “ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যা এখনও বন্ধ হয়নি এবং গাজা ও পশ্চিম তীরের মানুষ শান্তি ও মর্যাদার সাথে বসবাস করতে পারছে না।” প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের বিপরীতে তিনি এক অনন্য প্রতিবাদী সিদ্ধান্ত ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী সরকারি ভবন থেকে পতাকা সরালেও প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার ঘোষণা দিয়েছেন যে, তিনি তাঁর প্রেসিডেন্সিয়াল প্রাসাদের বাইরে আগামী এক সপ্তাহের জন্য ফিলিস্তিনের পতাকা উত্তোলন করছেন। এখানেই শেষ নয়, এক সপ্তাহ পর পতাকাটি প্রাসাদের বাইরে থেকে এনে তাঁর কার্যালয়ের ভেতরে স্থাপন করা হবে এবং তাঁর মেয়াদের বাকি সময়জুড়ে সেটি সেখানেই থাকবে।

প্রেসিডেন্ট বলেন, “আমার কার্যালয়ে যারা আসবেন, তাদের সবার জন্য এটি একটি অনুস্মারক হিসেবে কাজ করবে। এটি একটি অত্যন্ত সাধারণ আহ্বান, যা সবার জন্য একটি মৌলিক নীতিকে শ্রদ্ধা জানাতে শেখায়; আর তা হলো— মানুষের মর্যাদা।”

স্লোভেনিয়ার সরকার প্রধান (প্রধানমন্ত্রী) ও রাষ্ট্রপ্রধানের (প্রেসিডেন্ট) মধ্যকার এই মুখোমুখি অবস্থান ও ফিলিস্তিন ইস্যু নিয়ে দুই মেরুর নীতি বর্তমানে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন