পাকিস্তানের কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আপডেট : ১১ জুন ২০২৬, ১২:১৫ এএম

উড্ডয়নের ঠিক পরপরই যান্ত্রিক ত্রুটি, আর তাতেই মুহূর্তের মধ্যে সব শেষ। পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে আজ এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে হেলিকপ্টারে থাকা সবকটি তাজা প্রাণ।

 

বুধবার (১০ জুন) পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ এই হৃদয়বিদারক ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী এভিয়েশনের একটি এমআই-সেভেন্টিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সকল সেনাসদস্য শাহাদাতবরণ করেছেন।

 

দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর খবরটি নিশ্চিত করেছে।

 

উড্ডয়নের সময় যান্ত্রিক এক গোলযোগের কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। তারা দ্রুত দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে, জীবিত কাউকে উদ্ধারের আর কোনো সুযোগ ছিল না।

 

ঠিক কী ধরনের কারিগরি ত্রুটির কারণে এমন ভয়াবহ বিপর্যয় ঘটলো এবং কেন এতগুলো মূল্যবান জীবন ঝরে গেল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

 

এই অপূরণীয় ক্ষতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পাকিস্তান সেনাবাহিনীর সকল স্তরের সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।

 

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

HN
আরও পড়ুন