মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর পরিণতি এই অঞ্চলের বাইরেও সুদূরপ্রসারী হবে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, চলতি সপ্তাহে আমরা আরও ব্যাপক আক্রমণ এবং পরিস্থিতির আরও অবনতি হতে দেখেছি। বর্তমানের তথাকথিত যুদ্ধবিরতি এখন অনেকটাই নিছক ‘কম মাত্রার আগুনে’ (lesser-fire) পরিণত হয়েছে।"
সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই কম মাত্রার আগুন যেকোনো সময় ‘পূর্ণাঙ্গ আগুনে’ (full fire) রূপ নেওয়ার যে বড় ঝুঁকি রয়েছে, সেটিকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের প্রতি কঠোর আহ্বান জানিয়ে আন্তোনিও গুতেরেস বলেন, "সব পক্ষকে অবশ্যই একটি কূটনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ করতে হবে। আর কোনো আক্রমণ নয়। আর কোনো অজুহাত নয়।"
তিনি অবিলম্বে যেকোনো ধরনের উসকানি ও পাল্টা হামলা বন্ধের ওপর বিশেষ জোর দেন।
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং এই বৈশ্বিক সংকটকে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা করতে বিশ্বনেতা ও সংশ্লিষ্ট সব পক্ষকে এখনই কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছেন জাতিসংঘের প্রধান। সূত্র: আল জাজিরা
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান