ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করায় ইরানের দিক থেকেও আর কোনো পাল্টা হামলা চালানো হচ্ছে না।’
তিনি বলেন, ‘চলমান যুদ্ধে ইরানের কৌশল হচ্ছে হামলার বিপরীতে পাল্টা হামলা। যুক্তরাষ্ট্র গত দুই রাতে যেহেতু হামলা বন্ধ রেখেছে, সেজন্য আমরা আমাদের অভিযান বন্ধ করে দিয়েছি।’
যুদ্ধবিরতি পুনরায় কার্যকর হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে আকরামিনিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাদের কোনো সুস্পষ্ট কৌশল নেই। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে ও সেন্টকমের কর্মকাণ্ডে এটি প্রতিফলিত হয়।’
এদিকে, মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের ওপর সামরিক হামলা বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়া এবং পারস্য উপসাগরে আমেরিকার আরব মিত্রদের বিচ্ছিন্ন করে ফেলার শঙ্কা থেকে গত শুক্রবার (২৪ জুলাই) এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবরে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।
সূত্র : বিবিসি