অরুণাচল প্রদেশের সীমান্ত অঞ্চলে চীনা সামরিক বাহিনীর বিরুদ্ধে জমি দখল এবং ভারতীয় সেনা টহলে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। শাসক জোটের অংশীদার এক আঞ্চলিক দলের অনুসন্ধানী প্রতিবেদনে এ দাবি উঠে আসার পর নয়াদিল্লির রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় শুরু হয়েছে।
সামনে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের কথা রয়েছে। দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক যখন কিছুটা স্বাভাবিক হচ্ছিল, ঠিক তখনই এমন তথ্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করল।
মূলত অরুণাচল প্রদেশের অত্যন্ত দুর্গম এলাকা ‘আপার সুবানসিরি’ জেলাকে কেন্দ্র করে এই নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় পাহাড়ি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে চীনা বাহিনী ওই অঞ্চলে নিজেদের অবস্থান জোরদার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পিপলস পার্টি অব অরুণাচল (পিপিএ)-এর চার সদস্যের এক প্রতিনিধি দল এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে জানায়, বর্ষা ও ভূমিধসের সময় ভারতীয় বাহিনী নিয়মিত টহল দিতে না পারায় সেই সুযোগ নিচ্ছে বেইজিং।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের এক সংঘর্ষের পর ভারতীয় বাহিনী ‘শেরা-৫’ নামক একটি গুরুত্বপূর্ণ সীমান্ত টহল পয়েন্ট থেকে পিছু হটতে বাধ্য হয়। এর ফলে স্থানীয় আদিবাসীরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী শিকারের জমি হারিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
তবে ভারতীয় সেনাবাহিনী এই প্রতিবেদনকে সম্পূর্ণ ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি অভিযোগ অস্বীকার না করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে।
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সরাসরি স্বীকার বা অস্বীকার না করে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে এবং উভয় দেশ আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। ঐতিহাসিকভাবেই এই সীমান্তের বড় অংশ এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের স্পষ্ট বিরোধ রয়েছে।
দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্যিক লেনদেন সত্ত্বেও সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান এখনও হয়নি। বিশ্লেষকদের মতে, আপাতত দুই দেশের মধ্যে 'নিয়ন্ত্রিত প্রতিযোগিতা' চললেও সীমান্ত ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত এই উত্তেজনা থেকেই যাবে।
তথ্যসূত্র: আল জাজিরা (Al Jazeera)
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখালেন ট্রাম্প
বগুড়ায় নারীদের জন্য বিআরটিসির বিশেষ ‘গোলাপী বাস’
কালুরঘাটে পথ চলা শুরু মহিলা বাস সার্ভিসের