'ইমরান খানকে মুরসির মতো শেষ করার চক্রান্ত করা হচ্ছে'

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরিবর্তে তাকে পিমস (PIMS) নামক একটি সরকারি হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে সুস্থ ঘোষণা করলে কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একে 'আদালত অবমাননা' হিসেবে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বোন ড. উজমা খান জানান, ইমরানের স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। তাকে নির্জন কারাবাস দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।

উজমা খান আরও জানান, সাবেক মিসরীয় প্রেসিডেন্ট মুরসিকে যেভাবে নির্জন কারাবাসে রেখে হত্যা করা হয়েছিল, ইমরান খানের ক্ষেত্রেও একই ধরনের নির্যাতন চালানো হচ্ছে।

এদিকে খাইবার পাখিরুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং বিরোধী দলীয় শীর্ষ নেতারা যৌথ বৈঠকে বসে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা জানান, সুপ্রিম কোর্টের তিন বিচারপতির স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানকে নির্দেশিত শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নিয়ে অন্য হাসপাতালে নিয়ে সরকার বিচারব্যবস্থাকে তোয়াক্কা করেনি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে পূর্ণাঙ্গ প্রতিবাদ কর্মসূচি ও 'লং মার্চ' পরিচালনার সিদ্ধান্ত বজায় রেখেছে পাকিস্তানের বিরোধী দলগুলো। একইসাথে সংবিধানের সার্বভৌমেত্ব প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা পুনরুদ্ধারে নতুন বৃহত্তর বিরোধী জোট গঠনের প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

YA
আরও পড়ুন