ইরান-সংঘাতের পরও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক হয়নি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধের আগের গড় চলাচলের তুলনায় বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নেমে এসেছে মাত্র ২০ শতাংশে।
গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ বের হয়েছে। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, এ সংখ্যা যুদ্ধের আগের সাত দিনের গড়ের মাত্র এক-পঞ্চমাংশ।
ইরানের রেভল্যুশনারি গার্ডের অব্যাহত তৎপরতার মধ্যেই নৌযান চলাচলে এই ধীরগতি দেখা যাচ্ছে। নৌযানগুলোর ওপর ড্রোন দিয়ে নজরদারি, ভিএইচএফ রেডিওতে যোগাযোগের চেষ্টা এবং নৌপথে মাইন থাকার ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
কমে যাওয়া নৌযান চলাচলের মধ্যে ট্যাংকারের সংখ্যাই বেশি। গত সপ্তাহে হরমুজ প্রণালির মোট নৌযান চলাচলের ৪৫ শতাংশ ছিল ট্যাংকার।
ইউকেএমটিওর তথ্য আরও বলছে, ওমানের দক্ষিণাঞ্চলীয় করিডোরটি বর্তমানে এই নৌপথের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে পরিণত হয়েছে। গত ৬ জুলাই থেকে হরমুজ প্রণালিতে নৌযান লক্ষ্য করে যে ১৮টি প্রজেক্টাইল হামলার খবর পাওয়া গেছে, তার ১৬টিই এই এলাকায় ঘটেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
'ইমরান খানকে মুরসির মতো শেষ করার চক্রান্ত করা হচ্ছে'
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল