রাশিয়ার গোপন বৈঠকের তথ্য ইউক্রেনকে দিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০১:৪৬ এএম

মস্কোয় অনুষ্ঠিত একাধিক গোপন বৈঠকের সংবেদনশীল তথ্য ইউক্রেনের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে এক বিশেষ ভিডিও বার্তায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানান, মস্কোর উচ্চপর্যায়ের বৈঠকগুলোর আগে ও পরে ওয়াশিংটনের সাথে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। মার্কিন প্রশাসনের মাধ্যমে ইউক্রেন সব ধরনের প্রয়োজনীয় হালনাগাদ তথ্য হাতে পেয়েছে।

যুক্তরাষ্ট্রের এই সময়োপযোগী সহযোগিতার জন্য ধন্যবাদ জানান জেলেনস্কি। একইসাথে যুদ্ধ থামাতে ওয়াশিংটনের বাস্তবসম্মত ও ইতিবাচক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে বৈঠকগুলোতে কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে কিছু জানাননি।

এদিকে ২০২১ সালের পর প্রথমবারের মতো কোনো সিআইএ প্রধানের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। দেশটির শীর্ষ গোয়েন্দা প্রধানের সাথে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফের এই যোগাযোগকে ইতিবাচক হিসেবেই দেখছে ক্রেমলিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএ প্রধানের সফরকে একটি স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছেন। সফর শেষে ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার অত্যন্ত সফল আলোচনা হয়েছে।

ট্রাম্প আরও স্পষ্ট করেন, রাশিয়া কখনো কোনো ন্যাটোভুক্ত দেশে হামলা চালাবে না। পুতিনের সাথে আলোচনার পর এই বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এইচএন
আরও পড়ুন