নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারাহ নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়াইর গোলান।

সারাহ নেতানিয়াহু এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আক্রমণের কথা গোলান নাকি আগে থেকেই জানতেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক ডেপুটি চিফ অব স্টাফ ইয়াইর গোলান দেশটির সেনাবেতারকে (আর্মি রেডিও) দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রধানমন্ত্রী পত্নীর এই মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ফিলিস্তিনকেন্দ্রিক চলমান অভ্যন্তরীণ উসকানিরই অংশ। সারাহ নেতানিয়াহুর বিরুদ্ধে খুব শিগগিরই আইনি পদক্ষেপ ও মানহানির মামলা করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর সকালে হামাসের হামলার পরপরই সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে নোয়া মিউজিক ফেস্টিভ্যাল এলাকায় ছুটে যান এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেখান থেকে একাধিক সাধারণ মানুষের প্রাণ রক্ষা করেন। তাঁর এই সাহসিকতাকে অস্বীকার করে ষড়যন্ত্রমূলক মন্তব্য করায় ইসরায়েলি রাজনীতিতে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন